টাখনুর নিচে প্যান্ট, পায়জামা রেখে নামাজ আদায়ের বিধান

টাখনুর নিচে প্যান্ট, পায়জামা রেখে নামাজ আদায়ের বিধান

ছবিঃ সংগৃহীত।

পোষাক পরিধান করা ইসলামের বিধান। পরিধানেরও কিছু নিয়ম-নীতি রয়েছে। ইসলাম কখনো মানুষের জন্য কোনো কিছু কঠিন করে না। সহজের জন্যই বিধান দেয়া। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ইসলামের বিধানগুলো স্বাস্থ্যসম্মত বলে প্রমাণ পাওয়া যায়।

টাখনু ঢেকে রাখলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে এটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে। তাই ইসলামের বিধান যে মানুষের স্বাস্থ্য রক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা মানতেই হবে। প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা টাখনু গিরার নিচে ঝুলিয়ে পরা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহ।

হাদিস শরিফে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ.

লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে। (বুখারি ৫৭৮৭)

 আর নামাজে এটি অধিকতর অন্যায় কাজ। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত

أَنَّهُ رَأَى أَعْرَابِيًّا يُصَلِّي قَدْ أَسْبَلَ إِزَارَهُ، فَقَالَ: الْمُسْبِلُ إِزَارَهُ فِي الصَّلَاةِ لَيْسَ مِنَ اللهِ عَزَّ وَجَلَّ فِي حِلٍّ، وَلَا حَرَامٍ.

তিনি এক বেদুঈনকে দেখলেন যে, সে তার  লুঙ্গি (টাখনু গিরার নিচে) ঝুলিয়ে নামাজ আদায় করছে। 

তিনি বললেন, যে ব্যক্তি নামাযে লুঙ্গি (কাপড় টাখনু গিরার নিচে) ঝুলিয়ে রাখে, সে যেন আল্লাহর হালাল-হারামের সীমারেখার কোনো তোয়াক্কা করল না। (আলমুজামুল কাবির, তবারানি, বর্ণনা ৯৩৬৮)

তাই সাধারণ অবস্থায় এবং বিশেষভাবে নামাজ অবস্থায় টাখনু ঢেকে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা পরা থেকে বিরত থাকা অপরিহার্য। অবশ্য কাজটি অন্যায় হলেও নামাজ আদায় হয়ে যাবে। এ কারণে নামাজ ফাসিদ হবে না। আরিযাতুল আহওয়াযী ৭/২৩৭; শরহু সুনানি আবি দাউদ, আইনী ২/৩০০; ফয়জুল বারি ৪/৩৭৩; শরহু শিরআতিল ইসলাম, পৃ. ১১৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৭৭