ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ফাইল ছবি
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের কাছে দেশটির বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার সংবাদপত্র ইজভেস্তিয়ার এক সংবাদকর্মী নিহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যমটি তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘ইজভেস্টিয়ার ফ্রিল্যান্স সংবাদদাতা আলেকজান্ডার মার্তেমিয়ানভকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। কিন্তু গাড়িটি যোগাযোগের সুনির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল। একটি হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল এটি।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একে ‘ইচ্ছাকৃত হত্যাকাণ্ড’ বলেও উল্লেখ করেন তিনি।
জাখারোভা এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের ধারাবাহিকভাবে চালানো রক্তাক্ত নৃশংসতারই আরেক জঘন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। জাখারোভার অভিযোগ, জেলেনস্কি সরকার তাদের মতাদর্শিক বিরোধীদের নির্মূল করতে প্রকাশ্যে বিভিন্ন সন্ত্রাসী কায়দা ব্যবহার করে থাকে।
রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছে যে মার্তেমিয়ানভের সঙ্গে থাকা তাদের দুই সংবাদদাতা এই ঘটনায় আহত হয়েছেন, পাশাপাশি দোনেৎস্কের একটি স্থানীয় সংবাদপত্রের জন্য কাজ করা দুই সাংবাদিকও আহত হয়েছেন।
সাংবাদিকদের সুরক্ষা কমিটির দেয়া তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।