ব্রিটেনের সহায়তায় রুশ ‘শ্যাডো ফ্লিট’ আটক ফ্রান্সের

ব্রিটেনের সহায়তায় রুশ ‘শ্যাডো ফ্লিট’ আটক ফ্রান্সের

ছবিঃ সংগৃহীত।

ফ্রান্সের নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে রাশিয়ার তেলবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি ট্যাংকার আটক করেছে।জাহাজটিকে ফ্রান্সের মূল ভূখণ্ডের দিকে যেতে নির্দেশ দিয়েছে তারা। এই পদক্ষেপকে অবৈধ এবং ‘আন্তর্জাতিক জলদস্যুতার মতো’ বলে বর্ণনা করেছে রাশিয়া।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আজ সোমবার এক্সে একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায় কমান্ডো সদস্যরা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে ‘টাগোর’ নামের জাহাজটিতে নামছেন। আগের দিন ব্রিটানির পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় প্রায় ৭৪০ কিলোমিটার দূরে পরিচালিত হয় অভিযানটি।

মাখোঁ বলেছেন, রাশিয়ার আর্কটিক বন্দর মুরমানস্ক থেকে যাত্রা করা ট্যাংকারটি ভুয়া পতাকা ব্যবহার করছে বলে সন্দেহ করা হচ্ছিল। ব্রিটেনের সহায়তায় সেটিকে আটক করা হয়। জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, মাদাগাস্কারের পতাকা বহন করছিল ২৫২ মিটার দীর্ঘ ট্যাংকারটি।

ফ্রান্সের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক রাষ্ট্রীয় কর্তৃপক্ষ মেরিটাইম প্রিফেকচার জানিয়েছে, জাহাজের নথিপত্র পরীক্ষা করে ‘ব্যবহৃত পতাকার অনিয়মসংক্রান্ত সন্দেহ নিশ্চিত করেছে’ বোর্ডিং দল।

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে রাশিয়া ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিত পুরনো জাহাজ ব্যবহার করছে, যাতে তেল ও গ্যাস পরিবহন অব্যাহত রাখা যায়। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তাকারী তেল আয়ের বিরুদ্ধে ইউরোপীয় কৌশলের অংশ হিসেবে ফ্রান্স ও ব্রিটেন উভয়ই এ ধরনের জাহাজ ঠেকানোর অঙ্গীকার করেছে

টাগোর হলো ফরাসি কর্তৃপক্ষ আটক করা নিষেধাজ্ঞার আওতাভুক্ত চতুর্থ ট্যাংকার।।