ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা, প্রধান আসামি গ্রেফতার
ছবি : প্রতীকি
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরী প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগের মামলায় আসামি রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১০ মার্চ) সকালে কুমিল্লা জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
রাতে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ধর্ষক রাকিবের অবস্থান চিহ্নিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।
এর আগে এ মামলায় মো. হেলাল নামে একজনকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রাকিব উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামের খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ১ মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করে। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি কিশোরী। উলটো তাকে অপবাদ দেওয়া হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কিশোরীকে বাড়িতে রেখে মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যায়। তখন সালিশি বৈঠকে থাকা হেলাল বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে এলাকায় ঘুরানোর হুমকি দেয়। এতে মানসিক চাপে দুপুরে সে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় শুক্রবার (৭ মার্চ) ভিকটিমের মা বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাকিবসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্ত অন্যরা হলেন মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারসহ ১০ জন। তারা পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিবের সঙ্গে প্রায় ৭ মাস ধরে কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এতে ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের মা-বাবাকে জানায়। এতে তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়ে যায়। এতে মামলায় অভিযুক্তরাসহ একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি। উলটো কয়েকজন কিশোরীকে অপবাদ দেয়।