হাদিসের অনুসারে শবে কদরের রাত চেনার উপায়

হাদিসের অনুসারে শবে কদরের রাত চেনার উপায়

প্রতিকী ছবি

বছরের সর্বশ্রেষ্ঠ ও মাহাত্ম্যপূর্ণ রাত শবে কদর। একে লাইলাতুল কদর বা কদরের রজনীও বলা হয়।

এ রাতে মহান আল্লাহ বান্দার রিজিক বণ্টন করেন। আল্লাহর আদেশে ফেরেশতারা রহমত, কল্যাণ ও বরকত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন।

এ রাতেই প্রথম পবিত্র মক্কার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ মুহাম্মাদ (সা.)-এর কাছে পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো, কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর: ১-৩)

হাদিসে পবিত্র শবেকদরের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে। এরমধ্যে আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বৃষ্টির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসটি হলো-

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন। এক বছর এরূপ ইতিকাফ করেন, যখন একুশের রাত এলো, যে রাতের সকালে তিনি তার ইতিকাফ থেকে বের হবেন, তখন তিনি বলেন, যারা আমার সঙ্গে ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকে ইতিকাফ করে।

আমাকে স্বপ্নে এই রাত (লাইলাতুল কদর) দেখানো হয়েছিল, পরে আমাকে তা (সঠিক তারিখ) ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে ওই রাতের সকালে আমি কাদা-পানির মাঝে সিজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ করো এবং প্রত্যেক বিজোড় রাতে তালাশ করো। পরে এই রাতে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, মসজিদের ছাদ ছিল খেজুরের পাতার ছাউনির।

ফলে মসজিদে টপটপ করে বৃষ্টি পড়তে লাগল। একুশের রাতের সকালে আল্লাহর রাসুল (সা.)-এর কপালে কাদা-পানির চিহ্ন আমার এ দুই চোখ দেখতে পায়। (বুখারি, হাদিস : ২০২৭)

মহিমান্বিত এ রাতকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের বেজোড় রাতে সুপ্ত রেখেছেন। তিনি এটাকে সুনির্দিষ্ট করেন নি। রাসুল (সা.) রমজানের শেষ দশকে এ রাতের অনুসন্ধান করতে বলেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো।’ (বুখারি: ২০১৭)