চাপাতি হাতে মহড়া দেওয়া সেই হৃদয় র্যাবের হাতে ধরা
ছবি : সংগৃহীত
রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য শুভ ওরফে হৃদয়কে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) রাতে র্যাব জানতে পারে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় কতিপয় ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর র্যাব-২-এর একটি দল তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়।
খান আসিফ তপু বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে হৃদয়কে দেশীয় অস্ত্রসহ (চাপাতি) গ্রেপ্তার করা হয়। তবে তার দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব-২ এর এই সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে র্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত হৃদয়ের চাপাতি হাতে প্রকাশ্যে মহড়া দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।