ঢামেক হাসপাতালে অসুস্থ হাজতির মৃত্যু

ঢামেক হাসপাতালে অসুস্থ হাজতির মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাতের দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতির নাম আদনান খন্দকার (৪০)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামের মৃত শামসুর আলমের ছেলে। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে তথ্য জানা যায়নি।

আদনান খন্দকারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মনিরুল জানান, রাতের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আদনান। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।