চট্টগ্রামের পুলিশের ওপর হামলায় আরও ৬ জন গ্রেফতার
প্রতিকী ছবি
নগরীর বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে আহত করার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. ইরান বাদশা, নুরুল ফায়েজ পিয়াল, জোবায়ের আহমেদ নিরব, ফয়সাল, মনির হোসেন মো. সাহেদ। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের একাধিক ফুটেজ জব্দ করে। এসব ভিডিও পর্যবেক্ষণ করে গ্রেফতারকৃতদের শনাক্ত করা হয়। রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
সোমবার রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি ঘাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে আসামিরা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৭০ জনকে আসামী করে থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে এই পৃথক দুটি মামলা দায়ের করা হয়। আসামীদের মধ্যে ৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত আসামী রয়েছে ৪০ জন। বৃহস্পতিবার পর্যন্ত এ ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।