ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ১
ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে।
বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খার তেহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তিনি এটিকে পরিকল্পিত হামলা বলেই মনে করছেন।
বিস্ফোরণের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আতঙ্কিত দর্শক ও খেলোয়াড়রা দিকবিদিক ছোটাছুটি করছেন। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো মাঠ। ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের দ্রুত খার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগেও খাইবার পাখতুনখোয়া প্রদেশে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) পাঞ্জাবের লাঘরি জেলার লোয়ি মামুন্দ এলাকায় কোয়াডকপ্টার ব্যবহার করে সন্ত্রাসীরা হামলা চালায়। ওই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। এ ছাড়া একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
জেলা পুলিশের মুখপাত্র ইসরার খান জানান, হামলার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীরা এর আগে পুলিশ স্টেশনেও কোয়াডকপ্টার হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে সেটি ব্যর্থ হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।
পুলিশের ধারণা, সম্প্রতি সন্ত্রাসবিরোধী অভিযান ‘সারবাকাফ’ পরিচালনার কারণে জঙ্গিরা এ ধরনের প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ হামলার তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।