বৃষ্টি কমেছে, সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
প্রতিকী ছবি
কয়েক দিনের টানা বৃষ্টির পর পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট ভারি বর্ষণ গতকাল বুধবার কমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তার আরো কমতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল রাতে বলেন, ‘বৃষ্টি আগের চেয়ে অনেকটাই কমেছে। আগামী কয়েক দিনে তা আরো কমতে পারে। এতে গরমের অনুভূতি বাড়বে। তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
দেশের ভেতরে এবং উজানে বৃষ্টিপাত কমায় বিভিন্ন নদ-নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টায় কুশিয়ারা নদী সিলেটের অমলসীদ পয়েন্টে বিপত্সীমার ৬৩ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে দুই সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদী কানাইঘাট পয়েন্টে ছিল বিপত্সীমার তিন সেন্টিমিটার ওপরে।
পাউবোর পূর্বাভাস অনুযায়ী, সুরমা ও কুশিয়ারা নদীর পানি আজ স্থিতিশীল থাকতে পারে।
ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিচু এলাকায় বিরাজমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
তবে দেশের উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়ার প্রবণতা রয়েছে। আজ সকাল নাগাদ এই নদীগুলো বিপত্সীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার কিছু নিচু এলাকা স্বল্প মেয়াদে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।