টিএসসিতে হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ

টিএসসিতে হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি। এতে অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নানা কারণে বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। জনগণের বিপক্ষে গিয়ে এজেন্সির হাত ধরে কারও ক্ষমতায় যাওয়ার স্বপ্নও পূরণ হবে না।

পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ জিয়া বা খালেদা জিয়া এই রাজনীতি করেননি। আপনারা যদি এই রাজনীতি করেন, তাহলে আমরা আপনাদের বিষয়ে নতুন করে ভাবব। আপনারা মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।

তিনি বলেন, ড. ইউনূস আমাদের সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতাদের নিউইয়র্ক নিয়ে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সামনে ছেড়ে দিয়েছেন। আমরা তার কাছে এর জবাব চাই। 

মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, গত ১৫ বছর যারা দেশে স্বৈরশাসন চালিয়েছে, তারাই নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৫ আগস্টের পর থেকেই নতুন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ নেতৃবৃন্দের সঙ্গে যা হয়েছে তাতে স্পষ্ট যে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। নিউইয়র্কের মতো জায়গায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে তা আমাদের শঙ্কিত করে। 

নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপরে এই হামলার চেষ্টা ও হেনস্তা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে। এ ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 

আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। যৌথ বিবৃতিতে তারা বলেন, এ হামলার ঘটনা প্রমাণ করে সফররত রাজনৈতিক নেতাদের নিরাপত্তা প্রদানে সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন। দূতাবাসের উদ্যোগে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এই ন্যক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।