চুরির অভিযোগে সালিশি বৈঠকের আয়োজন, সকালে যুবকের মরদেহ উদ্ধার

চুরির অভিযোগে সালিশি বৈঠকের আয়োজন, সকালে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে জাহেদ হোসেন নামে এক যুবককে সালিশি বৈঠকের কথা বলে ডেকে নিয়ে আটকে রাখা হয়।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা থেকে রাস্তার পাশে গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করেছে, বিএনপি নেতা সোহেল মাহমুদ জাহেদকে হত্যা করেছেন।

নিহত জাহেদ হোসেন উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে। অভিযুক্ত সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, জাহেদ কয়েকদিন আগে সোহেল মাহমুদের বাড়িতে মাসিক বেতনের ভিত্তিতে দিনমজুরের কাজ শুরু করে। দুতিন দিন কাজ করার পর সে নিজ বাড়িতে ফিরে আসে। এ সময় সোহেল মাহমুদের ঘরের আলমারির চাবি, মোবাইল ও অন্যান্য জিনিস জাহেদ চুরি করেছে বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার সন্ধ্যায় আলি বাজার এলাকা থেকে জাহেদকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসা হয়। সেখানে সালিশি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে তার বাবাকেও ডাকা হয় এবং চুরির অভিযোগ জানানো হয়। একপর্যায়ে তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও জাহেদকে সেখানে আটকে রাখা হয় এবং হুমকি-ধামকি ও নির্যাতন করা হয়।

জাহেদের বাবা মো. জাকের বলেন, আমার ছেলেকে চুরির দায়ে আটক করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছেলে যদি কোনো অপরাধ করতো, আমি নিজেই তাকে বিচার করতে পারতাম। তারা কেন তাকে আমার হাতে ছেড়ে দেয়নি? আমি সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।