সাকিবের জাদুতে আটলান্টা ফায়ারের শিরোপা জয়

সাকিবের জাদুতে আটলান্টা ফায়ারের শিরোপা জয়

সংগৃহীত ছবি

মাইনর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো সাকিব আল হাসানের দল আটলান্টা ফায়ার। রোমাঞ্চকর ফাইনালে শিকাগো কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা উৎসবে মাতলো দলটি।

শনিবার চার্চ সেন্ট পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে শিকাগো কিংসম্যান। ফারাজ আলির দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। তিনি ৬০ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৯২ রান। তবে দলের অন্য ব্যাটাররা বড় কোনো ইনিংস খেলতে পারেননি।

বল হাতে ইনিংসের শুরুতেই আলো ছড়ান সাকিব আল হাসান। প্রথম বলেই ফিরিয়ে দেন ওপেনার রমিজ রাজাকে। প্রথম ওভারটি শেষ করেন মেডেন দিয়ে। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে তিনি নেন ১ উইকেট, খরচ করেন মাত্র ২৮ রান।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আটলান্টা শুরুতেই চাপে পড়ে। দ্রুত হারায় তিন উইকেট। তবে একপ্রান্ত আগলে দলের জয় নিশ্চিত করেন ক্যারিবীয় ব্যাটার অ্যারন জোন্স। তার অপরাজিত ৬১ রানের ইনিংসেই জয় পায় আটলান্টা।

ব্যাট হাতে অবদান রাখেন সাকিবও। ১২ বলে ১৩ রানের কার্যকরী ইনিংসে মারেন একটি ছক্কা। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে শিরোপা তুলে নেয় আটলান্টা ফায়ার। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে আরও একবার প্রমাণ হলো, তিনি এখনও যেকোনো মঞ্চেই ম্যাচ উইনার।