ঢাকায় কুখ্যাত ৩ মাদক কারবারি ধরা

ঢাকায় কুখ্যাত ৩ মাদক কারবারি ধরা

প্রতিকি ছবি

রাজধানীতে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি মুদ্রাসহ কুখ্যাত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অজেয় চার আজিমপুর আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে নিউ মার্কেট এলাকার বটতলা ডাস্টবিন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. পাভেল (২৭), মোহাম্মদ আলী (৫১) ও মো. আকাশ (২৫)। 

এ সময় তাদের কাছ থেকে ২.২ কেজি গাঁজা, ২৬ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন, একটি দেশীয় অস্ত্র, নগদ ২৪ হাজার ২৬৪ টাকা, ১ হাজার মেক্সিকান মুদ্রা, ১০ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রা, ২ সিঙ্গাপুরি ডলার, ৫ হাজার ভিয়েতনাম মুদ্রা, ১০ ভারতীয় রুপি, ১৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ১ ব্রুনাই ডলার, ২টি এটিএম কার্ড ও একটি ডামি পিস্তল জব্দ করা হয়।   

সেনা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্ৰেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। পরে তাদেরকে উদ্ধারকৃত মালামালসহ নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নিউ মার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। 

তিনি আরও বলেন, আটককৃতদের কাছ থেকে দেশি-বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য, অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।