ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ

প্রতিকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কোদালিয়া নদীতে অজ্ঞাত লাশ ভাসতে দেখা গেছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর থেকে উপজেলার মাটিলা সীমান্তের ভারতীয় অংশে লাশটি ভাসতে দেখা যায়। লাশটি দেখার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা এলাকার মসজিদের পাশে ভারত সীমান্ত সংলগ্ন কোদালিয়া নদীতে লাশটি ভাসতে দেখা যায়।

খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বিজিবি ও প্রশাসনকে অবহিত করে। পরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এলাকাবাসীর ধারণা, লাশটি সীমান্তের ভারতীয় অংশ থেকে ভেসে আসতে পারে। তবে এখন মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘কোদলা নদীর ভারতীয় অংশের মধ্যে লাশটি ভাসছিল। শুনেছি সন্ধ্যার দিকে ভারতীয় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।’