নিরাপদ আবাসনের দাবিতে কর্মচারীদের ভবন ঘেরাও
সংগ্রহীত ছবি
রাজধানীতে গতকাল শুক্রবারের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলে ফাটল, পলেস্তারা খসে পড়া এবং আতঙ্কে শিক্ষার্থীদের লাফিয়ে নামার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ড. মোহাম্মদ মোস্তফা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এদিকে নিরাপদ আবাসনের দাবিতে হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা পলাশী মোড়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নতুন ২০ তলা ভবন ‘স্বাধীনতা টাওয়ার’ ঘেরাও করেন।
শিক্ষার্থীরা দাবি করেন, ভবনটি কর্মচারীদের না দিয়ে ঝুঁকিপূর্ণ মুহসীন হলের শিক্ষার্থীদের সেখানে স্থানান্তর করতে হবে।
মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘গতকাল জীবন বাঁচাতে আমাদের পাঁচতলা থেকে লাফ দিতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহুবার জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।’ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘অনেক হলের ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল স্পষ্ট।
প্রশাসনের উদাসীনতা ও ধীরগতির কারণে প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীদের জীবন চরম ঝুঁকিতে।’ ঢাকাসহ জনবহুল এলাকায় ভূমিকম্প মোকাবেলায় সরকারের আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান জানান তিনি।