এবার মালিক হিসেবে শিরোপা জিতলেন মেসি-সুয়ারেজ
সংগ্রহীত ছবি
একসঙ্গে জুটি বেঁধে অনেক ট্রফিই জিতেছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজ। এবার মাঠের বাইরে জুটি বেঁধেও শিরোপার স্বাদ পেলেন তারা।
আজ উরুগুয়ের চতুর্থ লিগের শিরোপা জিতেছে দেপোর্তিভো এলএসএম। ক্লাবটির যৌথ মালিক সুয়ারেজ ও মেসি।
আজ লিফ্ফাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করেছে এলএসএম। ১৪ দলের টুর্নামেন্টে ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
শিরোপা জয়ের ছবি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে খেলোয়াড়-কোচদের অভিনন্দন জানিয়েছেন সুয়ারেজ। ইন্টার মায়ামারি ফরোয়ার্ড ও উরুগুয়ের কিংবদন্তি লিখেছেন, ‘খেলোয়াড়, কোচ এবং দেপোর্তিভো এলএসএমকে অভিনন্দন।
এই প্রজেক্টের সঙ্গে কাজ করা সবাইকে ধন্যবাদ।’ অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক মেসি ইনস্টাগ্রামের স্টোরি হিসেবে শিরোপা জয়ের ছবি শেয়ার করেছেন।
ট্রফি জেতায় উন্নতিও হয়েছে দেপোর্তিভো এলএসএমের। আগামী মৌসুম থেকে তারা তৃতীয় বিভাগে খেলবে।
এ বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলে অভিষেক হয় ক্লাবটির।