এনজিও ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

এনজিও ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সংগ্রহীত ছবি

এনজিও ঋণে জর্জরিত হয়ে দুমকীর পীরতলা বাজারের ব্যবসায়ী ইলিয়াস খান (৪৫) নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় দুমকীর ঝাটারা গ্রামের খান বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। 

সূত্র জানায়, দুমকীর পীরতলা বাজারে জিহাদ স্টোর নামে স্বামী-স্ত্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। প্রতিদিনের ন্যায় স্ত্রী তাসলিমা দোকানে আসলে স্বামী ইলিয়াস দুপুরের খাবার খেতে বাড়িতে যায়।

খাবার খেয়ে রুমের দরজা আটকিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে আশেপাশের লোকজন দেখে পুলিশকে খবর দিলে দুমকী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 

স্ত্রী তাসলিমা বেগম বলেন, কমপক্ষে ১৫ থেকে ২০টা এনজিওর কিস্তি ছিল, সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিন দুই-তিনটা এনজিওর কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ ছাড়া অন্য কোনো কারণ দেখছি না।

দুমকী থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।