রাজনৈতিক জীবনে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি :শহিদুল ইসলাম বাবুল
সংগ্রহীত ছবি
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। অনেক লাঞ্ছনা সহ্য করেছি। জেল খেটেছি। তবুও অন্যায়ের কাছে মাথা নত করি নাই।
আমার বিরুদ্ধে ১২৮টি মিথ্যা মামলা করা হয়েছিল। তারপরও কোনোদিন আপস করি নাই। ভাঙ্গার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। আমি আপনাদের ভালোবাসায় বাঁচতে চাই।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামের মধু মুন্সীর বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘারুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলিমুজ্জামান মধু মুন্সী। এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী, ঘারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, মির্জা ইমরান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, ‘জীবনে অনেক সম্মান পেয়েছি।
আপনাদের ভালোবাসা পেতে এসেছি। আপনারা আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটিবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। আমি কথা দিচ্ছি, ‘ভাঙ্গা উপজেলার সড়কগুলো প্রশস্ত করা হবে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ সজ্জায় উন্নীতকরণ করা হবে। ভাঙ্গার বেকারত্ব সমস্যার সমাধান করা হবে।
ভাঙ্গার অর্থনৈতিক ও সামাজিক সকল সমস্যার সমাধান করা হবে।’
উক্ত উঠান বৈঠকে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী তার সমর্থকদের নিয়ে শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদার, চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস খালাসী, ভাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার আব্দুল বাকী প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
উক্ত উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।