চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

চাঁদপুর শহরের পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকির সময় এ জরিমানার আদেশ দেন।

এসময় বাজার থেকে খোলা পণ্য কিনে অন্যের প্যাকেট ব্যবহার করে জিরা, কিসমিস ও অন্যান্য মশলা জাতীয় পণ্য প্যাকেটজাত করার অপরাধে মেসার্স সততা ভাণ্ডারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া, মাস্টার অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা এবং পেঁয়াজ বিক্রির সময় পাকা ভাউচার না দেওয়ায় রফিক অ্যান্ড সন্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহারযুক্ত প্যাকেটও ধ্বংস করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময়ে এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। পুরানবাজার পুলিশ ফাঁড়ির একটি পুলিশ দল ও জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।