চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
প্রতিকি ছবি
রংপুরের পীরগঞ্জে নুরুল ইসলাম (৫৫) নামে এক চালককে হত্যা করে আটোভ্যান (মিশুক) নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। রবিবার সকালে মুক্তাগাড়ি বিল এলাকার মাহাবুব মন্ডলের জমি থেকে গলায় মাফলার পেচানো অবস্থায় মিশুক চালকের মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ।
নিহত মিশুক চালক উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।
মিশুর মালিক নিহতের ভাতিজা রুমেল জানান, প্রতিদিনের ন্যায় গত শনিবার সন্ধ্যায় আমার মিশুক নিয়ে চাচা বের হয়। রাত ৮ টার সময় চাচাকে ফোন দিলে তিনি বলেন ১৫০ টাকার রিজার্ভ ভাড়া নিয়ে সে হরিণসিংহ বাজার এলাকায় গেছে। পরে তাকে ফোন দিলেও আর ফোন রিসিভ করেনি। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে মুক্তাগাড়ি গ্রাম হতে ওমরপুর গামী কাঁচা রাস্তার পাশে ধানের জমিতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক ছিনতাইকে কেন্দ্র করে নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।