দুবাই পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার নরসিংদীর ছাত্রলীগ নেতা

দুবাই পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার নরসিংদীর ছাত্রলীগ নেতা

দুবাই পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার নরসিংদীর ছাত্রলীগ নেতা। ফাইল ছবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার ভাই ইমরান মাহমুদ বলেন, ‘পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে যান। সেখানে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

গ্রেপ্তার শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শাহ জালাল আহমেদ শাওন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি পৃথক মামলা রয়েছে।

এ বিষয়ে নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওন গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’