ফের বোমাতঙ্ক, ভারতীয় বিমানের জরুরি অবতরণ
ফাইল ছবি।
মাঝ-আকাশে বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় বিমান।দিল্লি থেকে বাগডোগরার পথে উড্ডয়নের পর বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট রবিবার সকালে লখনউয়ে জরুরি অবতরণ করে। বিমানটিতে যাত্রী ছিল ২৩৮ জন।
লখনউয়ের এসিপি (অ্যাসিসট্যান্ট কমিশনার) রজনীশ বর্মা জানিয়েছেন, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার মেলে, যাতে লেখা ছিল, ‘বিমানে বোমা রয়েছে’।
তা দেখার পরে আতঙ্ক ছড়ায়। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার সময়ে মাঝ-আকাশে সেই টিস্যু কাগজ উদ্ধার হয়। বিমানটিকে তৎক্ষণাৎ লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় সেটিকে।
যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
এসিপি বর্মা জানিয়েছেন, বিমানে শুরু হয় তল্লাশি। লখনউ বিমানবন্দরে বিমানটি যেখানে রাখা হয়েছে, সেখানে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইএসএফ। তারা তদন্ত করে দেখছে।
যাত্রীদেরও পরীক্ষা করা হচ্ছে।
ইন্ডিগোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৬ই ৬৬৫০ বিমানটিতে মাঝআকাশে বোমাতঙ্ক ছড়ায়। সেটি লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রোটোকল মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, যাত্রীদের সমস্যা কমানোর সব রকম চেষ্টা করা হচ্ছে।
তাদের পরিস্থিতির বিষয়ে জানানো হয়েছে। যাত্রী এবং বিমানকর্মীদের সুরক্ষাকেই ইন্ডিগো অগ্রাধিকার দেয় বলে জানানো হয়েছে।
বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর নাভেদ নিজাম বলেন, ‘‘দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশে একটি বিমান আসছিল, সেটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। ”
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আটটি শিশু। এছাড়াও দু’জন পাইলট এবং ছ’জন বিমানকর্মী ছিলেন।
লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রবিবার সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ বোমাতঙ্কের খবর পান। ৯টা ১৭ মিনিটে অবতরণ করানো হয় সেটি।