পাওয়ারপ্লেতে ছক্কায় লিটনকে ছাড়িয়ে শীর্ষে তানজিদ

পাওয়ারপ্লেতে ছক্কায় লিটনকে ছাড়িয়ে শীর্ষে তানজিদ

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান আবারও আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে আলোচনায় এসেছেন। ওয়ানডে ক্রিকেটে প্রথম পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ছক্কা মারা বাংলাদেশি ব্যাটার এখন তিনিই। এই তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন সতীর্থ লিটন দাসকে।

ওয়ানডে ক্রিকেটেও শুরু থেকেই মেরে খেলতে পছন্দ করেন তানজিদ। প্রথম ১০ ওভারের পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন এই বাঁহাতি ওপেনার।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৪১টি ছক্কা মেরে আলোচনায় এসেছিলেন তানজিদ। এবার ওয়ানডের প্রথম পাওয়ারপ্লেতেও ছক্কার নতুন রেকর্ড গড়ে আবারও শিরোনামে তিনি।

ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে নামার আগে প্রথম পাওয়ারপ্লেতে তানজিদের ছক্কার সংখ্যা ছিল ১৫, যা লিটন দাসের চেয়ে একটি কম।

তবে ইনিংসের দ্বিতীয় ও ষষ্ঠ ওভারে পাকিস্তানি পেসার হারিস রউফের বলে দুটি ছক্কা হাঁকিয়ে লিটনকে পেছনে ফেলেন তানজিদ। যেখানে প্রথম পাওয়ারপ্লেতে ১৬টি ছক্কা মারতে লিটনের খেলতে হয়েছিল ১৪৫১ বল, সেখানে তানজিদ ১৭টি ছক্কা হাঁকাতে খেলেছেন মাত্র ৪৮১ বল।

পাওয়ারপ্লের পরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তানজিদ। আরও পাঁচটি ছক্কা মেরে তিনি বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৯৪ রান। তানজিদ অপরাজিত ১০৭ রানে।

ওয়ানডের প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশি ব্যাটারদের ছক্কা (শীর্ষ পাঁচ)

১. তানজিদ হাসান — ১৭ ছক্কা (৪৮১ বল)
২. লিটন দাস — ১৬ ছক্কা (১৪৫১ বল)
৩. তামিম ইকবাল — ১৫ ছক্কা (৩৩৮৭ বল)
৪. সৌম্য সরকার — ১৪ ছক্কা (১১২৪ বল)
৫. ইমরুল কায়েস — ১১ ছক্কা (৯৪৩ বল)