যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাজ্যে রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি হেলিকপ্টার ইংল্যান্ডের সাওয়ারটন ডাউন এলাকায় একটি মাঠে বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওকেহ্যাম্পটনের কাছে দুর্ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়্যাল নেভির। ওই এলাকায় সামরিক হেলিকপ্টারগুলোর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলে। রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

তবে তদন্ত চলায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টার দিকে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ৩৮৬ রোডের একটি অংশ দুপুর পর্যন্ত বন্ধ থাকতে পারে। এদিকে ঘটনাস্থলের কাছে সাওয়ারটন ক্রস সার্ভিসেস সার্ভিস স্টেশনের কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে বর্তমানে তাদের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না।