বাড়ি ফেরার পথে ট্রেনে কাঁটা পড়ে যুবকের মৃত্যু
সংগ্রহীত ছবি
ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে শাহজালাল রতন (৪০) নামে এক যুবক ট্রেনে কাঁটা পড়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় লাকসাম রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহত রতন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রয়াত আবদুর রশিদের ছেলে। তিনি চট্টগ্রামের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছালে তিনি ভুলবশত একটি ব্যাগ ট্রেনের ভেতরে রেখেই নেমে পড়েন। পরে ব্যাগটি আনতে পুনরায় ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় ট্রেনটি স্টেশন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শাহজালাল রতনের মরদেহটি পুলিশ উদ্ধার করেন। পরবর্তীতে তাঁর আত্মীয়-স্বজন এলে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়।’