ইরাকে শিয়া আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বিমান হামলায় নিহত ৬

ইরাকে শিয়া আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বিমান হামলায় নিহত ৬

সংগ্রহীত ছবি

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে দেশটির শিয়া আধাসামরিক বাহিনী পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সংঘটিত এই হামলায় গোষ্ঠীটির আনবার অপারেশনস কমান্ডারসহ অন্তত ৬ জন যোদ্ধা নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান থেকে চালানো এই হামলায় পিএমএফের একটি কমান্ড সদর দপ্তরকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। পিএমএফ এক বিবৃতিতে তাদের গুরুত্বপূর্ণ কমান্ডার সাদ আল-বাইজি-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে পিএমএফ (যা স্থানীয়ভাবে হাশদ আল-শাবি নামে পরিচিত)। সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা কর্তব্যরত অবস্থায় থাকাকালীন এই অতর্কিত হামলা চালানো হয়। উল্লেখ্য, পিএমএফ মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি জোট, যা বর্তমানে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর একটি অংশ হিসেবে কাজ করে।

এদের মধ্যে বেশ কিছু গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মার্কিন-ইসরায়েল বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানপন্থী গোষ্ঠীগুলোর হামলার পাল্টা জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে।