ঝিনাইদহে বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু
ঝিনাইদহে বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু।। প্রতীকী ছবি।
ঝিনাইদহের মহেশপুরে বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঝিনাইদহ পুলিশ লাইন্সের মোটরযান শাখার সদস্য এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল আরিফ হোসেন মুন্সী এবং ড্রাইভার কনস্টেবল আশিক আহম্মেদসহ কয়েকজন একটি ডাবল কেবিন গাড়িতে করে মহেশপুর থানার নস্তি বাওড়ে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে মাছ ধরার সময় আশিককে একটি বিষধর সাপ কামড় দেয়।
সহকর্মীরা দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আরএমও ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার পায়ে সাপের কামড়ের মতো চিহ্ন ছিল এবং শরীরে বিষক্রিয়ার লক্ষণও দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
স্থানীয় নস্তি গ্রামের বাসিন্দা নিত্য হালদার ও নায়েব আলী বলেন, পুলিশ সদস্যরা বাওড়ে ছিপে মাছ ধরতে এসেছিলেন। এ সময় হঠাৎ একজন সাপে আক্রান্ত হন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঝিনাইদহ থেকে চারজন সদস্য অফিসের কাজে এসে পরে বাওড়ে মাছ ধরতে যান। সেখানে গোসল করতে নেমে আশিক অসুস্থ হয়ে পড়েন। সাপের কামড়ে মৃত্যু হয়ে থাকতে পারে, তবে বিষয়টি নিশ্চিত নয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ থেকে পুলিশের একটি গাড়ি এসে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়। নিহত আশিক আহম্মেদের বাড়ি নওগাঁ জেলায়।