‘শত্রু রাষ্ট্রকে’ সমর্থনের অভিযোগে শতাধিক ইরানির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

‘শত্রু রাষ্ট্রকে’ সমর্থনের অভিযোগে শতাধিক ইরানির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

সংগ্রহীত ছবি

বিদেশের মাটিতে বসে ‌‘শত্রু রাষ্ট্রকে’ মদত দেওয়ার অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে তেহরান প্রসিকিউটর অফিস। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন খ্যাতিমান অভিনয়শিল্পী, ক্রীড়াবিদ এবং সাংবাদিক। মূলত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার দায়ে অভিযুক্ত ‘ইরান ইন্টারন্যাশনাল’ এবং ‘মানোতো’ নিউজ চ্যানেলের কর্মীদের লক্ষ্য করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে নির্দিষ্টভাবে কারও নাম প্রকাশ না করা হলেও জানানো হয়েছে যে, ইরান ইন্টারন্যাশনালের ৬৩ জন এবং মানোতো টিভি চ্যানেলের ২৫ জন ব্যবস্থাপক ও কর্মীর বিরুদ্ধে এই আদেশ কার্যকর করা হচ্ছে। এ ছাড়া বিদেশে অবস্থানরত আরও ২৫ জন ইরানি নাগরিকের বিরুদ্ধে সাইবার স্পেসে শত্রুর আক্রমণকে বিভিন্নভাবে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বহিঃশত্রুর অ্যাজেন্ডা বাস্তবায়নে সহায়তাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই গণ-বাজেয়াপ্তের নির্দেশ দেশটির রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।