ঈশ্বরদীতে চলন্ত সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ঈশ্বরদীতে চলন্ত সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রিতু ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি এ বছর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন রিতু। পাকশী এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার ওড়নাটি অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি চলন্ত গাড়ি থেকে ছিটকে সড়কের ওপর আছড়ে পড়েন এবং গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে পড়ে গিয়ে ওই শিক্ষার্থী গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।