অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে প্রাণ গেল নারীর

অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে প্রাণ গেল নারীর

ফাইল ছবি

চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার সময় অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগমের (৬৫) দেবর কামাল হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

জাহানারা বেগম বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের মৃত রব হাওলাদারের স্ত্রী।

তিনি প্রায় আট বছর আগে স্বামী হারান।

কামাল হাওলাদার জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিতে স্ত্রীসহ ভাবীকে নিয়ে গৌরনদীর বাটাজোর এলাকার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বাজার অতিক্রমকালে হঠাৎ করে জাহানারা বেগমের গলার ওড়না চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে পেচিয়ে যায়। এতে তীব্র টানে তার গলায় ফাঁস লেগে গেলে তিনি গুরুতর আহত হন।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তাই বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।