জামালপুরে গৃহবধুকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড
ফাইল ছবি
জামালপুরে এক গৃহবধুকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)। তাদের মধ্যে রুকু বর্তমানে পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর সদর এলাকার হযরত শাহ জামাল (রহ.) মাজারের সামনে থেকে ভুক্তভোগী গৃহবধুকে অপহরণ করে অভিযুক্তরা। পরে তাকে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে রাজি না হলে নির্যাতন চালিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
পরদিন ভুক্তভোগী বিষয়টি স্বামীকে জানালে তিনি থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও একজন পলাতক ছিলেন।