বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যে রকি(৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রকি উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, দুপুরে বনানী কাস্টমস অফিসের সামনে একদল দুর্বৃত্ত রকি নামের ওই যুবককে কুপিয়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই রানা জানান, আমার ভাই ইট বালুর ব্যবসা করত। তাকে মোবাইলে কল দিয়ে বনানী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে দুপুরে এলাকার লোকজনের কাছে শুনতে পাই তার মরদেহ পড়ে আছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে রকিকে ঘটনাস্থলে ডেকে এনে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।