দক্ষিণ কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ জন গ্রেফতার
ফাইল ছবি
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর হোসেন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী (২৪) ও মো. খোকন (৫৬)।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ৬৮ রাউন্ড গুলিসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।