শ্রীলঙ্কা ক্রিকেটে বড় পরিবর্তন, কমিটিতে কুমার সাঙ্গাকারা

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় পরিবর্তন, কমিটিতে কুমার সাঙ্গাকারা

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির সরকার পূর্বের পরিচালনা পর্ষদকে অপসারণ করে নতুন একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। এই ৯ সদস্যের কমিটিতে সবচেয়ে পরিচিত ক্রিকেটার হলেন কুমার সাঙ্গাকারা। এছাড়াও আছেন রোশান মহানামা এবং সিদাথ ওয়েতিমুনি।

কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে, যিনি এই দায়িত্ব নেওয়ার আগে নিজের রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি জানান, এই কমিটির প্রধান লক্ষ্য দুটি—প্রথমত, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ সংস্কার করা এবং নতুন একটি আধুনিক সংবিধান প্রণয়ন করা। দীর্ঘদিন ধরে বিদ্যমান সংবিধানটি পুরোনো ও অকার্যকর বলে সমালোচিত হয়ে আসছিল।

দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি মাঠের পারফরম্যান্স উন্নয়নের কথা উল্লেখ করেন। তার ভাষায়, ‘আমরা এমন কাঠামো, বিশ্বমানের সুবিধা ও প্রণোদনা তৈরি করব, যাতে আমাদের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে পারে এবং আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কাকে আবার শীর্ষে নিয়ে যেতে পারে।’

এই কমিটিতে কর্পোরেট, আইন ও রাজনীতির ক্ষেত্র থেকেও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। তাদের মধ্যে আছেন প্রখ্যাত আইনজীবী উপুল কুমারাপ্পেরুমা ও দিনাল ফিলিপস, যারা নতুন সংবিধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। অতীতে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আইসিসি কঠোর অবস্থান নিয়েছিল। ২০২৩ সালে এমন অভিযোগে এসএলসিকে সাময়িকভাবে স্থগিতও করা হয়েছিল।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই বোর্ড প্রেসিডেন্ট শাম্মি সিলভার ওপর চাপ বাড়ছিল। অবশেষে সরকার এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।