মোংলায় ঝড়-জলোচ্ছ্বাস ও ভাঙ্গন রোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালী

মোংলায় ঝড়-জলোচ্ছ্বাস ও ভাঙ্গন রোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালী

সংগৃহীত ছবি

‘সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ি’ এই দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকারের মধ্যদিয়ে মোংলায় উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির অন্তর্গত ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে মোংলার চিলা বাজারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, বৃক্ষরোপণ ও ম্যানগ্রোভ সুরক্ষাসহ ব্যাপক জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে সবুজের পরিধি বৃদ্ধিতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশ নেন। দিবসটি উপলক্ষে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় তরুণদের অন্যতম প্ল্যাটফর্ম ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ ও ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’র সদস্যরা একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করেন। যা উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার থেকে কেয়াবুনিয়া সড়ক প্রদক্ষিণ করে।

ঝড়-জলোচ্ছ্বাস, ভাঙ্গন রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পশুর নদীর পাড়ে ৬ একর জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি প্রজাতির (কাঁকড়া, বাইন, কেওড়া ও পশুর) সর্বমোট ৩৫ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। বিশাল এই বনায়ন কর্মসূচিতে বর্তমানে ব্র্যাক এবং ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ ও ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ' এই নবীন ম্যানগ্রোভ বনাঞ্চলের দীর্ঘ মেয়াদি ভবিষ্যৎ সুরক্ষা, পরিচর্যা ও টেকসই রক্ষণাবেক্ষণের জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে।

আলোচনা সভায় কীভাবে এই বিদ্যমান বনকে পুরোপুরি সুরক্ষিত রাখা যায় এবং এই কাজে স্থানীয় জনগণকে আরও বেশি সম্পৃক্ত ও সচেতন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলের জীবন ও জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চলের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। কীভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল বৃদ্ধি করা যায়, বিদ্যমান বনকে সুরক্ষিত রাখা যায় এবং এই কাজে স্থানীয় জনগণকে আরও বেশি সম্পৃক্ত ও সচেতন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর চরম ভাবাপন্নতা রোধে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম অপারেশনস ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ ও ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’র সদস্য এবং স্থানীয় প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।