দিনাজপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১
প্রতিকি ছবি
দিনাজপুর সদর থেকে মাদকদ্রব্য ও বিদেশি মদসহ মো. জুয়েল বাবু নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মো. জুয়েল বাবু (২৫) দিনাজপুর সদর উপজেলার খানপুর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে দিনাজপুর সদর উপজেলার খানপুর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে রায়হান কবির ওরফে বাবুর বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে মোট ৫৮১ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৬২ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ এবং ২১৯ বোতল আরসিকাপ সিরাপ। এছাড়া ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জুয়েল বাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে উদ্ধারকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নুরুন নবী জানান, র্যাব সদস্যদের দায়েরকৃত মাদক মামলার আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।