'চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে'
সংগৃহীত ছবি
দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর শহরের জোড়া ব্রীজ চত্বরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এ কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নুর নবী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাশেদ আলী চৌধুরী লিমন, মো. মমিন হোসেন, দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সম্পাদক অলিউর রহমান অলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আরমান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক মো. রশিদুল ইসলাম জুয়েল।
এর আগে সকালে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষ্যে শহরের জোড়া ব্রিজ চত্বর থেকে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।