বিশ্বের দূষিত শহরের শীর্ষে লাহোর, ঢাকার মান কত?
ফাইল ছবি
সকাল থেকেই ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকলেও বাতাসের মানের খুব একটা উন্নতি হয়নি। বরং দূষণের মাত্রা বেড়ে ঢাকার বাতাস এখন ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাঙ্কিং অনুযায়ী, আজ শনিবার (২ মে) সকালে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৫২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬০। এই মান অনুযায়ী ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং ফুসফুসের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এই বাতাস ঝুঁকির কারণ হতে পারে।
তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এর ঠিক পরেই ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকার তৃতীয় স্থানে ১৫২ স্কোর নিয়ে আছে ভারতের দিল্লি এবং চতুর্থ স্থানে ১৪৬ স্কোর নিয়ে চিলির সান্তিয়াগো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১+ স্কোর বিপজ্জনক।
আইকিউএয়ারের তালিকায় আজ বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বাতাসের শহর হিসেবে শীর্ষে রয়েছে পর্তুগালের লিসবন, যার একিউআই স্কোর মাত্র ১৪।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়ে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং শিল্পকারখানার বর্জ্য বাতাসের মানকে প্রভাবিত করে।