নির্বাচনের পর দুর্ভোগ বেড়েছে: ফেনী জামায়াত আমির
সংগৃহীত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেছেন, ‘‘আগে বলা হয়েছে নির্বাচন দিলে মানুষের সব সমস্যার সমাধান হবে, কিন্তু নির্বাচনের পর সমস্যা ও দুর্ভোগ বেড়ে গেছে। আমরা সংসদে দেখেছি, সরকারের মন্ত্রীরা গণভোটের গণরায়কে তুচ্ছতাচ্ছিল্য ও কটাক্ষ করছেন। তারা জাতির সঙ্গে প্রতারণা করছেন। এ সব বক্তব্যে তারা প্রতারকদের দলে পরিণত হয়েছেন।’’
শনিবার (২ মে) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জেলা জামায়াতের আমির বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এটি দ্রুত বন্ধ করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং ডিজেল, পেট্রোল ও এলপিজি গ্যাসের দাম কমাতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, জাতির সঙ্গে এ নিয়ে গাদ্দারি করবেন না। এমনটি হলে জাতি শেখ হাসিনার মতো আপনাদেরও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন খেলাফত মজলিলের জেলা সভাপতি মাওলানা মোজাফফর, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জামাল উদ্দিন প্রমুখ।