এসএসসির সপ্তম দিনে সারাদেশে ৮ পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত
দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনে মঙ্গলবার (৫ মে) মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দাখিলে ইংরেজি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে মাদ্রাসা বোর্ডে, যেখানে ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে একজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন কারিগরি শিক্ষা বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি।
পরীক্ষার প্রথম দিনে ৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছিল। দ্বিতীয় দিনে এই সংখ্যা ছিল ১৯, তৃতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৩৯ জনে। চতুর্থ দিনে সর্বোচ্চ ৪৯ জন বহিষ্কার হয়। পঞ্চম দিনে তা কমে ৯ জনে নেমে আসে। ষষ্ঠ দিনে আবার বেড়ে ২৬ জনে দাঁড়ালেও সপ্তম দিনে তা কমে ৮ জনে নেমেছে।