বাইফা অ্যাওয়ার্ডে মারিয়া মিমের ঘটনায় সমালোচনা

বাইফা অ্যাওয়ার্ডে মারিয়া মিমের ঘটনায় সমালোচনা

ছবি: সংগৃহীত

গত শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৬’। বরাবরের মতোই ঝলমলে এই আয়োজনে তারকারা উপস্থিত হয়েছিলেন নিজেদের সাফল্য আর প্রাপ্তির গল্প ভাগ করে নিতে। কিন্তু সেই অনুষ্ঠান স্থলে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের অপেশাদার আচরণে পালটে যায় পরিবেশ। 

মূলত, অনুষ্ঠানস্থলে মিডিয়ার কাছে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী ও মডেল মারিয়া মিম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। কিন্তু এক পর্যায়ে যখন তাকে তার প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে জড়িয়ে প্রশ্ন করা হয়, তখন দৃশ্যত অস্বস্তিতে পড়েন এই মডেল। 

ব্যক্তিগত জীবনের ওপর অনধিকার চর্চায় কার্যত মিম মেজাজ হারিয়ে ফেলেন। তাকে কড়া ভঙ্গিতে প্রতিবাদ জানাতে দেখা যায় এবং এক পর্যায়ে সামনে থাকা বুম মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দ্রুত ওই স্থান ত্যাগ করেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের একাংশ মারিয়া মিমের মেজাজ হারানো নিয়ে সমালোচনা করলেও সচেতন মহলের তোপ এখন আয়োজক ও সংশ্লিষ্ট মিডিয়াগুলোর প্রতি। তাদের মতে, কোনো তারকাকে সামনে পেলেই ব্যক্তিগত জীবন নিয়ে বিব্রতকর প্রশ্ন করা এক ধরণের হয়রানি।

এই সংকট নিয়ে পেশাদার সাংবাদিকদের মধ্যেও রয়েছে তীব্র ক্ষোভ। তাদের মতে, আজকাল বড় ইভেন্টগুলোতে মূলধারার গণমাধ্যমের চেয়ে ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের আধিপত্য বেশি দেখা যাচ্ছে। আয়োজকরা প্রচারের লোভে এবং ইভেন্টটি ভাইরাল করার আশায় বাছবিচার ছাড়াই অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরদের আমন্ত্রণ জানিয়ে রাখে। ফলে যেমন পেশাদার সাংবাদিকেরা প্রশ্নবিদ্ধ হয়, তেমনি তারকারাও অস্বস্তিতে পড়েন।

বিষয়টি নিয়ে যখন নানা প্রশ্ন বাইফা অ্যাওয়ার্ডের আয়োজকদের প্রতি, তখন ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় বাইফা অ্যাওয়ার্ডের এক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। বিষয়টি নিয়ে তিনি শুরুতে বলেন, ঘটনাটি বেশ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এটা অস্বীকার করার কিছু নেই। যদিও মিডিয়া ম্যানেজমেন্টের বিষয়টি আমি দেখিনি।

তিনি বলেন, তবে আপনি ধরুন কাউকে আমন্ত্রণ জানালেন, যাকে আমন্ত্রণ জানাবেন, সে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে ফেলল। তখন কিন্তু সে দায় আমাদের না। সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিষয়টা দুঃখজনক। আমরা আগামী বছরে আবার যখন আয়োজন করব, মিডিয়াকে আমন্ত্রণের ক্ষেত্রে বিষয়গুলো দেখব। 

শুধু অপ্রীতিকর প্রশ্নই নয়, সাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনে ‘টপ অ্যাঙ্গেল ভিডিও’ এর মতো একটি ইস্যুও ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরণের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ইভেন্টে দেখা যায়, তারকাদের চোখের উচ্চতায় ক্যামেরা না রেখে উদ্দেশ্যমূলকভাবে ওপর থেকে ভিডিও করে তাদের স্পর্শকাতর স্থান ফ্রেমবন্দি করা হচ্ছে শুধুমাত্র ‘ভিউ’ বাড়ানোর উদ্দেশ্যে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অপেশাদার কনটেন্ট ক্রিয়েটররা। এবারের বাইফা অ্যাওয়ার্ডেও দেখা গেছে এমনটা।