গোবিন্দগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

গোবিন্দগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোমান সরকার নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। শনিবার (৯ মে) বিকেলে তাকে আটক করা হয়।

অভিযুক্ত রোমান উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকার মাসুদ রানার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার বর্ধনকুঠি এলাকায় রাস্তার পাশে একটি ছোট ঝোপের মধ্যে শিশুটিকে জোরপূর্বক টেনে নিয়ে যায় অভিযুক্ত রোমান।

সে শিশুটির গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।