কুড়িগ্রামে ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (১১ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১০ মে) রাতে উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার থেকে মোস্তফি বাজারগামী সড়কে টহলরত পুলিশের কয়েকজন যুবকের চলাফেরায় সন্দেহ হয়।

পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে ৩ জনের কাছ থেকেই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  

গ্রেফতারকৃতরা হলেন- ভিম শর্মা গ্রামের শামসুল আলমের ছেলে গোলাম রাব্বানী (৪০), রাজিব টেপা মধুপুর (কাউনিয়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন (৩৮) এবং চায়না বাজার এলাকার আবু বক্করের ছেলে শাহ আলম (৪২)। পরে তাদের রাতেই রাজারহাট থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।  

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে রাজারহাট উপজেলাকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।