কেরানীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
প্রতিকি ছবি
ঢাকার কেরানীগঞ্জে দুই লক্ষ টাকা মূল্যমানের ৫৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো. রানা মোল্লা (৩৫), মো. লালটু (৩০)।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, গত বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার সামনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে ৫৬ (ছাপ্পান্ন) বোতল ফেনসিডিলসহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট হতে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।