কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
প্রতিকি ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক সৌদিপ্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর সৌদি আরবে ছিলেন।
আট দিন আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করেন। তবে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একপর্যায়ে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানান এবং পরে সেখান থেকে পালিয়ে যান। সকালে এলাকাবাসী বাড়িতে গিয়ে আঙিনায় মরদেহ পড়ে থাকতে দেখেন।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।