খানদানি’ টি-শার্ট পরে পুলিশ লাইন্স মসজিদ থেকে এসপির জুতা চুরি

খানদানি’ টি-শার্ট পরে পুলিশ লাইন্স মসজিদ থেকে এসপির জুতা চুরি

প্রতিকি ছবি

খোদ পুলিশ সুপারের (এসপি) জুতা চুরির ঘটনা ঘটেছে কুমিল্লার পুলিশ লাইন্স জামে মসজিদে। শুক্রবার জুমার নামাজ চলাকালীন এই চুরির ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে অভিযুক্ত চোরকে জুতা জোড়াসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গোয়েন্দা পুলিশ।

পুলিশ লাইন্সে কর্মরত এক ব্যক্তি জানান, পুলিশ সদস্যরা এসে সিসিটিভি ফুটেজ দেখেছেন। জুতার তাকের ওপরে স্যারের জুতা ছিল। টি-শার্ট পরা একটি ছেলে পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তার টি-শার্টে ‘খানদানি’ শব্দটি লেখা ছিল।

অল্প সময়ের মধ্যে চোরের কাছ থেকে জুতা জোড়া উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের।  

সম্প্রতি কুমিল্লায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই।

গতকাল বৃহস্পতিবার দিনে-দুপুরে নগরের অন্যতম নিরাপদ ও ব্যস্ততম এলাকা ঠাকুরপাড়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর একটি ফুটেজ ভাইরাল হয়েছে। এই সময়ে মসজিদ থেকে পুলিশ সুপারের ঘটনাটিকে বড় ঘটনা হিসেবেই দেখছেন কুমিল্লার সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম শাহের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি