সেনবাগে ট্রাকের ধাক্কায় ৮ বছরের শিশু নিহত

সেনবাগে ট্রাকের ধাক্কায় ৮ বছরের শিশু নিহত

ফাইল ছবি

নোয়াখালীর সেনবাগে ট্রাকের ধাক্কায় সহিদ হোসেন সাকিব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সেবারহাট বাজারের পশ্চিম পাশে তিন প্রক্রিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এলাকার গরুর হাট দেখতে বাড়ি থেকে বের হয় সাকিব। বিকেলে সেবারহাট এলাকার গরুর বাজার সংলগ্ন সড়কে রাস্তা পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, সেবারহাট বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে গরুর হাটকে কেন্দ্র করে মানুষের ভিড় বাড়লেও সেখানে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ দেখা যায় না।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহীম সরকার জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়। ট্রাকটি হেলপারসহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।