সামিনা চৌধুরীর চার গানে পিজুর সুর

সামিনা চৌধুরীর চার গানে পিজুর সুর

ফাইল ফটো

গেল ১৭ মে লন্ডনের ব্র্যাডি সেন্টারে অনুষ্ঠিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নতুন চার গানের প্রকাশনা অনুষ্ঠান। গানগুলোর সুরকার মোসলেহ্ চৌধুরী পিজু। লিখেছেন মাহফুজা রহমান। সংগীত পরিচালনায় ছিলেন সুমন কল্যাণ। 

গানগুলো হলো ‘মা’, ‘ওরে মাঝি’, ‘লন্ডনি’ ও ‘সোনা বন্ধুরে’। অনুষ্ঠানে চারটি গান-ই গেয়ে শোনান সামিনা চৌধুরী। সেইসঙ্গে জানান, গানগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে। 

সামিনা চৌধুরী বলেন, ‘গীতিকবি মাহফুজা রহমানের চার গানের কথা চার রকমের। পিজু বৈচিত্র্য রেখে সুর করেছে। তার সুরে মেলোডির প্রাভাবটা দারুণ। শ্রোতাদের মন ছুঁয়ে দেয়। এর আগেও সে আমার গানের সুর করেছে। ওই আস্থা থেকেই ওর সঙ্গে ফের গান করা। সুমন কল্যাণের সংগীতায়োজন ছিল অনবদ্য।’

পিজু বলেন, ‘গানগুলো আমার জন্য আশীর্বাদ স্বরুপ। কেননা ছোটবেলায় যার গান শুনতে টেলিভিশনের সামনে বসে থাকতাম তার জন্য সুর করতে সুযোগ পেয়েছি। এরচেয়ে পরম প্রাপ্তি আর কী হতে পারে! গানগুলোর সংগীতায়োজন করেছেন শ্রদ্ধাভাজন সুমন কল্যাণ দাদা। মাহফুজা রহমানের হৃদয় নিংড়ানো কথাগুলো প্রাণ পেয়েছে সামিনা চৌধুরীর কণ্ঠে।’ 

এর আগে পিজুর সুরে ‘দিন শেষে আমি একা’ নামের একটি গানে কণ্ঠ দেন সামিনা চৌধুরী। কথা লিখেছিলেন নাহিদুল ইসলাম। সংগীতায়োজনে ছিলেন আশিকুজ্জামান টুলু। দেশ-বিদেশে বেশ প্রশংসিত হয়েছিল গানটি।