গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক বিচারকের

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক বিচারকের

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এম এ আউয়াল সরকার (৫৬) নামের এক সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এম এ আউয়াল সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত জজ ছিলেন। অবসরের পর বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এম এ আউয়াল সরকার।

পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও জড়িত চালককে আটকের চেষ্টা চলছে।